রুয়েটে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
রুয়েটে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছের চারা রোপণ

দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমানো এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তালগাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আইসিটি স্নাতক ও চাকরিজীবীদের পেশাজীবী সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি)-এর রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে রোববার বিকেল ৫টায় রুয়েটের প্রধান ফটক সংলগ্ন চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালগাছের চারা রোপণ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (সিজিইডি) নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটিইএসবি, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ। কর্মসূচি পরিচালনা করেন আইসিটিইএসবির মহাসচিব ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মো. ফিরোজ আলী।

এ সময় রুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক মো. ইয়াকুব আলী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের রিয়াদ খান রাতুল, মো. লাবলু ও আফ্রিদী খানসহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশে বজ্রপাতের প্রবণতা ও ঝুঁকি ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে তালগাছের মতো পরিবেশবান্ধব বৃক্ষ রোপণের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য, জলবায়ু সুরক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

তালগাছের চারা রোপণ কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করেছে সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)।