সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ঔষধ পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ঔষধ পুড়ে ছাই

নাটোরের সিংড়ায় মেসার্স তানিয়া পোল্ট্রি ফিড এন্ড চিকস্ ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্রিজে সংরক্ষিত ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ওষুধ ও অন্যান্য মালামাল পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যাকসিন সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মাসুদ রানা জানান, দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও কষ্টের মাধ্যমে তিল তিল করে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। হঠাৎ আগুনে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

তিনি বলেন, গত ২০১৬ সালেও গভীর রাতে তাঁর একটি ফার্মে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর আবারও একই ধরনের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আগুন লাগার খবর পেয়ে প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের তাৎক্ষণিক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আত্মীয়-স্বজন, কোম্পানির প্রতিনিধিবৃন্দ, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফোন করে এবং পাশে থেকে তাঁকে মানসিক শক্তি ও সাহস জুগিয়েছেন। তাঁদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।