ভুল চিকিৎসা ও অর্থ বাণিজ্যের অভিযোগ এনে, সিংড়ায় ভিএস’র অপসারণ দাবিতে খামারিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
ভুল চিকিৎসা ও অর্থ বাণিজ্যের অভিযোগ এনে, সিংড়ায় ভিএস’র অপসারণ দাবিতে খামারিদের মানববন্ধন

ভুল চিকিৎসা ও অর্থ বাণিজ্যের অভিযোগ এনে, সিংড়ায় ভিএস’র অপসারণ দাবিতে খামারিদের মানববন্ধন

নাটোরের সিংড়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলীর বিরুদ্ধে ভুল চিকিৎসা, খামারিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও চিকিৎসার নামে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ক্ষোভ প্রকাশ করে তার অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার শতাধিক খামারি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পৌর এলাকার জোলারবাতা,দমদমা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় খামারিরা। এতে বিভিন্ন এলাকার গরু, ছাগল, হাঁস-মুরগি ও ডেইরি খামারের মালিকরা অংশ নেন। মানববন্ধনে তারা ভেটেরিনারি সার্জনর বিরুদ্ধে নানা অনিয়ম ও অবহেলার অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খামারিদের অভিযোগ, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলী সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে খামারিদের যথাযথ সেবা না দিয়ে চিকিৎসার নামে অতিরিক্ত অর্থ দাবি করেন। কেউ টাকা দিতে না চাইলে বা দেরি করলে অসুস্থ প্রাণী দেখতে যেতে নানা অজুহাত দেখান। এতে অনেক সময় খামারিদের গরু, ছাগল, হাঁস ও মুরগি সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া খামারি কুরবান আলী বলেন,

আমরা সরকারি চিকিৎসা সেবা পাওয়ার আশায় প্রাণী সম্পদ অফিসে যাই। কিন্তু ডাক্তারকে ফোন দিলে তিনি নানা অজুহাত দেন। টাকা দেওয়ার কথা বললে তখন দ্রুত আসেন। কয়েকবার ভুল চিকিৎসার কারণে আমার খামারের গরু অসুস্থ হয়ে আরও খারাপ অবস্থায় গেছে।

আরেক খামারি জহুরুল ইসলাম বলেন, আমাদের মতো সাধারণ খামারিরা অনেক কষ্ট করে খামার চালাই। গরু বা মুরগি অসুস্থ হলে সরকারি চিকিৎসকের সহযোগিতা পাওয়ার কথা। কিন্তু উনি টাকা ছাড়া গুরুত্ব দেন না। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

খামারি মোস্তফা হোসেন, আইয়ুব, নীরব অভিযোগ করে বলেন,

ভুল চিকিৎসার কারণে আমার কয়েকটি হাঁস ও মুরগি মারা গেছে। পরে অন্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা জানান, আগের ওষুধ ঠিক ছিল না। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে খামারিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত তদন্ত করে অভিযুক্ত ভেটেরিনারি সার্জনর অপসারণ দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলী। তিনি বলেন,

আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি নিয়মিত খামারিদের সেবা দিয়ে আসছি। সরকারি দায়িত্ব পালনের বাইরে কোনো ধরনের অর্থ গ্রহণের প্রশ্নই আসে না। কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, খামারিদের ডাকে সাধ্যমতো দ্রুত যাওয়ার চেষ্টা করি। অনেক সময় একসঙ্গে বিভিন্ন স্থানে জরুরি ডাক থাকায় দেরি হতে পারে। ভুল চিকিৎসার অভিযোগও সঠিক নয়। তারপরও কর্তৃপক্ষ তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।