সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাটোরের সিংড়া উপজেলায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুজন ইসলাম (২৮) সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ১০টার দিকে সিংড়া পৌরসভার দমদমা স্কুলের সামনে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন—মোঃ সাকিব আলী (২০), মোঃ সোহেল ইসলাম (২১) ও মোঃ রাব্বেল (২০)সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি। তাদের সবার বাড়ি সিংড়া পৌরসভার দমদমা পূর্বপাড়া এলাকায়।

ভুক্তভোগী সুজন ইসলাম অভিযোগে জানান, অনুষ্ঠানে উপস্থিত অবস্থায় তার কর্মচারী মোঃ শাহিন (১৯)-কে অভিযুক্তরা মারধর করছিল। এ সময় তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে জখম হন। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তার ডাক-চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে আহত অবস্থায় সুজন ইসলাম চিকিৎসার জন্য হাসপাতালে যান।

এঘটনায় অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।