সিংড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
সিংড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সিংড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

নাটোরের সিংড়া উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলা ও পৌর সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি সিংড়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে। শ্রমিকদের অবদান ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। দেশের প্রতিটি অবকাঠামো রাস্তা, ভবন ও কলকারখানায় শ্রমিকদের ঘাম ও পরিশ্রম জড়িয়ে আছে। দেশ গড়ার কাজে শ্রমিক ও মালিককে পরিপূরক হিসেবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমের মর্যাদা রক্ষা হলেই একটি দেশ প্রকৃত উন্নতির পথে এগিয়ে যেতে পারে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা ইতিহাস তুলে ধরে বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও চাকরির নিরাপত্তার দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। সেই আন্দোলনে পুলিশের গুলি ও দমন-পীড়নে বহু শ্রমিক নিহত ও আহত হন। পরবর্তীতে বিশ্বব্যাপী আন্দোলনের ফলে শ্রমিকদের দাবি স্বীকৃতি পায়। সেই ঘটনার স্মরণেই প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।