মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন এবং উন্নয়ন ও সেবার মাধ্যমে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই শুক্রবার ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি শতাধিক মোটরসাইকেল, ভ্যানসহ কর্মী-সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে আব্দুল হাই স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন এবং চেয়ারম্যান নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী গণসংযোগ শেষে বিলদহর এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি আব্দুল হাই বক্তব্য রাখেন।

তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে চামারী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি আরও বলেন, এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন তার অন্যতম অগ্রাধিকার হবে। পাশাপাশি ইউনিয়নের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিভিন্ন কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়ারও অঙ্গীকার করেন।

আব্দুল হাই আরো বলেন, এলাকার উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও তরুণদের দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

গণসংযোগ ও পথসভায় তার সঙ্গে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মোটরসাইকেল ও ভ্যানের বহর নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগের ফলে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আব্দুল হাই আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করবেন এবং একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত চামারী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।