রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটি উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীর ছোটবনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট ও পাউরুটি’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় আলামিন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী ইন্জিনিয়ার জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।