নাটোরের সিংড়া উপজেলার চকসিংড়া কবরস্থান স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন মহল্লার নানা বয়সী মানুষ এ কার্যক্রমে অংশ নেন।

এদিন চকসিংড়া, সরকারপাড়া, পেট্রোবাংলা, শোলাকুড়া ও সোহাগবাড়ি মহল্লার প্রায় অর্ধশত মানুষ স্বেচ্ছায় কবরস্থানে জড়ো হন। তারা কবরস্থানের আগাছা, ঝোপঝাড় ও বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এতে কবরস্থানটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ ফিরে পায়।

কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, কবরস্থান আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কমিটির দায়িত্ব নয়, সবার নৈতিক দায়িত্ব। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের পরিচ্ছন্নতা কার্যক্রম সফল হয়েছে।

স্থানীয়রা জানান, স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কারের এ উদ্যোগ এলাকায় সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত তৈরি করেছে।