বজ্রপাত প্রতিরোধ, জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) চত্বরে তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)-এর যৌথ উদ্যোগে সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ পদ্মার পাড়ের বিভিন্ন এলাকায় এক হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

পরে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আয়োজকরা জানান, বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যেই দেশব্যাপী এক লাখ তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।