নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় আবাদি জমি অবৈধভাবে খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আবাদি জমি খননের মাধ্যমে কৃষিজমির স্বাভাবিক পরিবেশ ও উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়।
এ বিষয়ে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও জমি খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, লালোর গ্রামে অবৈধ ভাবে তিন ফসলি জমিতে পুকুর খননের অপরাধে ভেকুমেশিনের ব্যাটারি জব্দ ও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।