রাজশাহী মহানগরীতে পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার দুপুর ১২টার দিকে বিএসটিআইয়ের রাজশাহীর সহকারী পরিচালক ইন্জিনিয়ার জুনায়েদ আহমেদ সৈকতের নেতৃত্বে মহানগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে বিক্রিত পণ্যের বিএসটিআইয়ের মানসনদ (সিএম লাইসেন্স) এবং পণ্যের মান যাচাই করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বিক্রয় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএসটিআইয়ের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ সিএম লাইসেন্সধারী কয়েকটি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সিএম লাইসেন্স গ্রহণ বা নবায়নের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অভিযানে পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো, গণকপাড়া, ঘোড়ামারার রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমিনিয়াম (ডেকোরেটেড কেক ও ব্রেড), রাণীবাজারের ক্যাথলিন পেস্ট্রি শপ (বিস্কুট, পাউরুটি, কেক ও ডেকোরেটেড কেক), সপুরার ফিরোজাবাদের আল্লাহর দান বেকারী (পাউরুটি) এবং সাহেববাজারের মাছপট্টির মাহী এন্টারপ্রাইজ (মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া)।