সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা
নাটোরের সিংড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৮ জুন) উপজেলার গোডাউন পাড়া, পেট্রোল বাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শোলাকুড়ার আখের মোল্লার ছেলে মনজু (২৬), গোডাউনপাড়ার মৃত জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৪০), মোতাহার হোসেনের ছেলে মিলন (৩২), সরকারপাড়ার লুৎফর হোসেনের মেয়ে সাগরী খাতুন পুতুল (২৫) ও তার ভাই ইয়াছিন (২৮) এসময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা-২০০ গ্রাম ও ২৮পিস ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন ০১গ্রাম পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। আদালতের আদেশে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।