চলনবিলে প্রশাসনের অভিযানে অর্ধশতাধিক অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় বর্ষার নতুন পানি প্রবেশের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে অসাধু মৎস্য শিকারীরা। মা মাছ ও পোনা মাছ রক্ষা এবং চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে থেকে দুপুর পর্যন্ত সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশতাধিক অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, অবৈধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করার ফলে মা মাছ ও পোনা মাছের ব্যাপক ক্ষতি হয়, যা চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ খন্দকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।