অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৬টি ট্রাক জব্দ করেছে পুলিশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের দায়ে ছয়টি ট্রাক জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করা হয়।
পুলিশ জানায়, বিভিন্ন মাধ্যমে দীর্ঘদিন ধরে মির্জাপুর ইউনিয়ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে বালু পরিবহন করা ট্রাকগুলো জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, অবৈধ বালু উত্তোলনসহ যে কোনো ধরনের অনিয়ম ও অপরাধ দমনে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে আহ্বান রইল।