দেশে কয়েকদিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সাবমেরিন কেবলের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
প্রতিষ্ঠানটি জানায়, দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল SEA-ME-WE-5-এ “Shunt Fault Repair” শীর্ষক একটি মেরামত কাজ করা হবে।
এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। প্রায় ৮০ ঘণ্টার এই সময়ে কেবলটির মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক আংশিকভাবে প্রভাবিত হতে পারে।
বিএসসিপিএলসি জানায়, এ সময় গ্রাহকরা ইন্টারনেটের গতি কমে যাওয়া বা সাময়িক সংযোগ সমস্যার সম্মুখীন হতে পারেন।
তবে বিকল্প হিসেবে SEA-ME-WE-4 সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে প্রভাব কমানো যায়।
সংস্থাটি আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।