# ভোরের আলো ফোটার আগেই নাটোরের সড়কে ঝরলো ১৪ প্রাণ

- Link: https://chalanbillnews24.com/2026/10/20/vorero-alo-fotaro-agei-natorero-so%e0%a7%9cke-jhorolo-14-pr%e0%a6%beno/
- Published: ২০২৬-১০-২০T০৯:১২:৪০+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় জাহেদা ক্লিনিকের সামনে আরপি পরিবহনের একটি বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতর অংশে আটকে পড়া যাত্রী উদ্ধার কাজ করতে বেগ পেতে হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন তিনি। &nbsp;
