# সিংড়ার শহরবাড়ি ফসলের মাঠে এখন হতাশা, এক রাতেই চুরি গেল ৬টি ট্রান্সফরমার

- Link: https://chalanbillnews24.com/2026/04/19/sing%e0%a7%9c%e0%a6%bero-shohoroba%e0%a7%9c%e0%a6%bf-fosolero-mathe-ekhono-hotasha-eko-ratei-curi-gelo-6ti-tr%e0%a6%bensforomar/
- Published: ২০২৬-০৪-১৯T১০:৫৩:০১+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়ায় ফসলের মাঠে হতাশা, এক রাতেই চুরি হলো ৬টি সেচ মোটরের ট্রান্সফরমার নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি উত্তর ফসলের মাঠে নেমে এসেছে চরম হতাশা। এক রাতের ব্যবধানে সেখান থেকে সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাঠে স্থাপিত সেচ মোটরের ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। সকালে কৃষকরা জমিতে গিয়ে ট্রান্সফরমারগুলো না পেয়ে হতভম্ব হয়ে পড়েন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। কৃষকদের দাবি, এই ট্রান্সফরমারগুলোই ছিল তাদের ফসলের একমাত্র ভরসা। বোরো মৌসুমে সেচের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে জমির ফসল নষ্ট হয়ে যেতে পারে। ভুক্তভোগী কৃষকরা জানান, একটি ট্রান্সফরমারের মূল্যই বেশ বেশি, সেখানে একসাথে ৬টি চুরি হওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তারা দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে। কৃষকদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেবে।
