# ফরিদপুরে তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

- Link: https://chalanbillnews24.com/2025/06/24/faridpuraccident/
- Published: ২০২৫-০৬-২৪T১২:৪৪:২২+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরে তেলবাহী একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর পৌরসভার ব্রাহ্মণকান্দা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতিশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৪০) ও জালাল মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২২)। করিমপুর হাইওয়ে থানা-পুলিশ জানায়, শ্রীবাস ও রাশেদ মোটরসাইকেলে করে রাজবাড়ী রাস্তার মোড় থেকে মুন্সিরবাজার মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রীবাস মজুমদার মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদ মোল্লাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স শম্পা ইসলাম জানান, রাত ১০টার দিকে রাশেদকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্উদ্দীন চৌধুরী বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরের মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লরি জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। &nbsp;
